পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা, আহত ১০ 

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:২৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর ১২ সমর্থকের বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে বাড়িতে গুলি বর্ষণ করে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোশারফ হোসেন জানান, তার বড় ভাই তাওহীদ দাউদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়ার পক্ষে কাজ করেন। এ কারণে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সমর্থকরা তাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জয় লাভ করলে বেপরোয়া হয়ে পড়ে তাদের সমর্থকরা। নির্বাচনের পর থেকে তার সমর্থকরা তাওহীদসহ তার আত্মীয় স্বজনদের বাড়িতে বেশ কয়েকবার হামলা ভাঙচুর চালায়। 

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক সাত্তার, ইব্রাহিম, আওলাদ, মাহফুজ, হালিম, আতিকুল, নাদিম, আলামিন, আকরাম, অনিক, সাইদসহ ১০০ থেকে ১৫০ জন দেশীয় ধারালো অস্ত্র, শর্টগান ও পিস্তলসহ তাওহীদ মিয়া, ফোরকান, মানিক, রেণু, মর্তুজা, সৌরভ, কাউসার, মিজান, আজাহার, রাসেল, খসরু, আলাল, সানীর বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর চালায়। পরে মোশরাফ ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসার পরও হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে মোশরাফকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় অনন্যা, রিনা, খোরশেদ ও রাশিদাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার মধ্যে তারা এলাকা না ছাড়লে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি-ধামকি প্রদান করে চলে যায় হামলাকারীরা। এদিকে, পুলিশের উপস্থিতিতে গুলি বর্ষণ করা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
  
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গুলির বিষয়ে আমার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত