শেষ হলো পুলিশ সপ্তাহ

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৪:২০ এএম

‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ স্লোগানে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৪-এর শেষ দিনের সর্বশেষ অধিবেশনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এর মধ্য দিয়ে শেষ হয়েছে পুলিশ সপ্তাহের নানা আনুষ্ঠানিকতা।

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গতকাল রবিবার সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি ও এ অনুষ্ঠান বাস্তবায়ন-সংক্রান্ত উপকমিটির সভাপতি বনজ কুমার মজুমদার, পুলিশের অতিরিক্ত আইজিপিরা, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মেধা ও মননকাজে লাগিয়ে দেশসেবায় এগিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শেষে দেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে।

আইজিপি প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের আন্তরিক ধন্যবাদ জানান।

গত মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত