বার্সেলোনায় ছয় বছরে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ যে স্কোরিং শৈল্পিকতা দেখিয়েছেন, শনিবার তা পূর্ণাঙ্গ রূপে দেখা গেল আবার। দুই বন্ধুর জোড়া গোলে মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি।
মৌসুমের প্রথম দুই ম্যাচে সুয়ারেজের তীক্ষèতা ও ম্যাচ ফিটনেসের অভাব থাকলেও গত মৌসুমে ব্রাজিল লিগে গ্রেমিওর হয়ে সর্বোচ্চ গোলদাতা ৩৭ বছর বয়সী সুয়ারেজের ফাইনাল থার্ডে তার সামর্থ্য নিয়ে সংশয় দূর করে দিয়েছেন।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কিক অফের ১১ মিনিটের মধ্যে জুলিয়ান গ্রেসেলের অ্যাসিস্টে দুটি গোল করেন সুয়ারেজ। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও ২৯ মিনিটে তৃতীয় গোলটি রবার্ট টেইলরকে দিয়ে করান সুয়ারেজ। ম্যাচের শেষ গোলটিতেও ছিল উরুগুইয়ান ফরোয়ার্ডের অবদান। তার ক্রসে হেড করে মেসি করেন তার লিগ ক্যারিয়ারে ৫০০তম গোল। তার মিনিট পাঁচেক আগে সুয়ারেজ-আলবা ওয়ান টুর ফসল শেষ পর্যন্ত তুলে নেন মেসি।
ম্যাচ শেষে সুয়ারেজের প্রশংসা করে মেসি বলেছেন, ‘আমি খুব খুশি যে সে গোল করতে পেরেছে। আমরা জানি লুইস কী এবং সে কী করতে সক্ষম এবং সবাই এটা জানে। সে এমনই, যখন আপনি ন্যূনতম প্রত্যাশা করেন তখন সে আপনার জন্য একটি ম্যাচ সমাধান করে, যেমনটি সে আজ করেছে, গোল করেছে, গোলে সহায়তা করেছে।’
