দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি দম্পতি নিহত

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৫৪ এএম

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে প্রবাসী বাংলাদেশি এক দম্পতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় সঙ্গে থাকা দুই শিশুসন্তান অল্পের জন্য বেঁচে যায়। গত রবিবার এ ঘটনা ঘটে। নিহত দম্পতির গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে।

নিহত দম্পতি হলেন সেনবাগ উপজেলার মানিকপুর গ্রামের মো. হোসেন ভূঁইয়ার ছেলে মো. মহিন ভূঁইয়া (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)। রুনা একই উপজেলার কেশারপাড় ইউনিয়নের জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।

নিহত মহিনের বাবা মো. হোসেন বলেন, আমার তিন ছেলে দক্ষিণ আফ্রিকায় থাকে। ২০০৮ সালে মহিন প্রথম দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে ব্যবসা করে। পর্যায়ক্রমে তার ছোট ভাইরাও সেখানে যায়। বিয়ের পর স্ত্রীকেও সেখানে নিয়ে যায় মহিন। তাদের মিহা (৫) ও আরাহী (৩) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রী রুনা অন্তঃসত্ত্বা ছিল। তিনি আরও বলেন, রবিবার রাতে একটি অনুষ্ঠান থেকে গাড়িযোগে বাসার সামনে নামার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা মহিন ও তার স্ত্রীকে গুলি করে। এ সময় তাদের সঙ্গে থাকা দুই শিশু ভাগ্যক্রমে রক্ষা পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মহিনের ছোট দুই ভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়।

নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। প্রবাসে যারা নিহত হয় তাদের লাশ দেশে আনতে সরকারের একটি ওয়েজ বোর্ড রয়েছে। ওয়েজ বোর্ডের মাধ্যমে নিহত দম্পতির

লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত