হাসের নৈশভোজে ইউনূস

মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:৪৯ এএম

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে যে, এ মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে।

এর আগে গত সোমবার রাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের দেওয়া এক নৈশভোজে যোগ দেন ড. ইউনূস। সেখানে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অপরচুনিটি ইন্টারন্যাশনালের কর্মকর্তা।

অপরচুনিটি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন করে থাকে। নৈশভোজে অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গ্রেগ নেলসন সাক্ষাৎ করেন ড. ইউনূসের সঙ্গে। তাদের সাক্ষাতের জন্য নৈশভোজের আয়োজন করেন পিটার হাস।

ওই নৈশভোজের বিষয়ে গতকাল ইউনূস সেন্টারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। যাতে বলা হয়, ‘বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ উপলক্ষে পিটার হাস এ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এতে অংশ নেন অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম।’

অন্যদিকে লিংকডইন পোস্টে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং নূরজাহান বেগমের সঙ্গে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন, তার জন্য ধন্যবাদ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত