সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৩৮ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় দুইটি মোটরসাইকেলের তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন।

মঙ্গলবার রাত ১১টার দিকে জৈন্তাপুরে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে ফয়সল রেজা (১৯), মোকামবাড়ি গ্রামের আলা উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২১) ও একই এলাকার আবদুল হান্নানের ছেলে পাভেল আহমদ (১৮)।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিহাব এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টায় ফয়সল রেজা ও রাত ২টার দিকে পাভেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আজ বুধবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত