মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলে বের করে দেওয়া হবে!

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির জার্সি বিক্রি বেড়ে গেছে বহুগুণে। মায়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে খেলা হলে তো গ্যালারী পূর্ণ থাকে গোলাপি বা কালো-গোলাপি মিশ্রন রংয়ের জার্সিতে।

তবে এবার মেসি-সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামির জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না সমর্থকরা।

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে আগামীকাল বাংলাদেশ সময় সকাল আটটায় ইন্টার মায়ামি খেলবে ন্যাশভিলের বিপক্ষে।

ন্যাশভিলের স্টেডিয়াম জিওডিস পার্কের একটি অংশে মায়ামির কোন সমর্থক দলের জার্সি পরে বসতে পারবেন না। এমন নির্দেশনাই জারি করেছে ন্যাশভিলে। এক বিবৃতিতে বলা হয়, 'কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ম্যাচে প্রতিপক্ষের জার্সি বা তাদের রং (পিঙ্ক) নিয়ে জিওডিস পার্কের ফ্যান জোন সেকশন (১০৬-১১০) কাউকে থাকতে দেওয়া হবে না। এই জায়গায় প্রতিপক্ষ দলের (মায়ামি) জার্সি পরে থাকলে তাকে জরিমানা দিতে হবে। এমনটি স্টেডিয়াম থেকে বেরও করে দেওয়া হতে পারে।'

ন্যাশভিলে নির্দিষ্ট একটি সেকশনে এই নির্দেশনা জারি করেছে। তারা বলছে মাঠে যেন দুই দলের সমর্থকদেরই বোঝা যায় তাই এমন সিদ্ধান্ত। তবে ধারণা করা হচ্ছে নিজেদের ঘরের মাঠে সমর্থক দিয়ে বাড়তি সুবিধা আদায় করতে চাইছে ন্যাশভিলে।

মায়ামিতে মেসি-সুয়ারেজ-আলবারা খেলার কারণে প্রতিপক্ষের মাঠেও ক্লাবটিকে ব্যাপক সমর্থন পেতে দেখা গেছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত