ঋণ দিয়ে বিশ্বাস অর্জনের পর কোটি টাকা নিয়ে উধাও ব্যবসায়ী

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম

নেত্রকোণা পৌর সদরের বড় বাজারের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠেছে যতন দত্ত নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।  

যতন দত্ত পৌর সদরের কালিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি শহরের বড় এলাকায় কনফেকশনারী দোকান ও তৈরি পোশাকের ব্যবসা করতেন।

জানা গেছে, গত কয়েক বছর যতন সমিতি নাম করে বড় বাজারের ব্যবসায়ীদের সাথে টাকা লেনদেন করে বিশ্বাস অর্জন করেন। এর মধ্যে তিনি ‘দি ঢাকা মাকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক’ নেত্রকোণা শাখার ফিল্ড অফিসার অনুকূলের সহায়তায় কয়েক দফা ঋণ নিয়ে চা দোকান থেকে ব্যবসার ধরণ পরিবর্তন করে কাপড় ও কনফেকশনারি ব্যবসা শুরু করেন। উধাও হওয়ার আগের দিন ওই শাখা থেকে ২০ লাখ টাকা ঋণ উত্তোলন করেন। এক বছর আগে সমিতির নাম করে বড় বাজার এলাকার ২৩০-২৫০ জনের কাছ থেকে আড়াই থেকে তিন কোটি টাকা ও ১৫-২০ জন দোকান কর্মচারি, রিকশা চালক, চা দোকানির সারা জীবনের সঞ্চিত প্রায় এক থেকে দেড় কোটি টাকা সুকৌশলে হাতিয়ে নেন। সমিতি পরিচালনা করে নিজেকে সবার কাছে গ্রহণযোগ্য করতে বড় বাজার এলাকায় ৫০-৬০ লাখ টাকা সমিতির সদস্যদের মধ্যে ঋণও দিয়েছেন।

ভুক্তভোগী দোকান কর্মচারি রিপন দেবনাথ বলেন, যতন দত্তের সঙ্গে ছোট থেকে বড় বাজার এলাকায় মহাজনদের দোকানে চাকরি করেছি। জীবনে যা সঞ্চয় করেছিলাম সব নিয়ে সে উধাও হয়ে গেছে। ‘দি ঢাকা মাকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক’ সঞ্চয় করা আমার ১ লাখ টাকা আমি উঠাতে পারছি না। তারা বলছে আমি নাকি যতনের ঋণের জামিনধার। ওই ব্যাংকের ফিল্ড অফিসারকে বলার পর তিনি আমাকে বলছে এটা আমি ম্যানেজ করে দিব। আপনি চিন্তা করবেন না। আর ব্যাংক ম্যানেজার বলছেন আমি জামিনধার হওয়ায় টাকা উঠাতে পারবো না। যতন টাকা পরিশোধ করলে টাকা উঠাতে পারবো।

দি ঢাকা মাকেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের ফিল্ড অফিসার অনুকূল সরকার জানান, যতনের ব্যাপারে আমি কিছু জানি না। সে আমাদের ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ব্যাংকে রিপন নামে একজনের টাকা আটকে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রিপন তার জামিনধার। যতন টাকা পরিশোধ করলে তিনি টাকা পেয়ে যাবেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শাকিল আহমেদ ডালি বলেন, যতন নামে ছেলেটি বড় বাজার এলাকায় দোকান কর্মচারী থেকে দোকান মালিক হয়েছে। সবার সাথে সে ভাল ব্যবহার করে লোকজনের বিশ্বাস অর্জন করে। শুনেছি লোকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। অনেক লোক নিঃস্ব হয়ে গেছে।

যতন দত্ত পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে দি ঢাকা মাকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজার দিলোয়ার হোসেন বলেন, তিনি আমাদের শাখা থেকে ২০ লাখ টাকা লোন নিয়েছেন।

রিপন দেবনাথের টাকা আটকে রাখার ব্যাপরে তিনি বলেন, তিনি যতনের ঋণের জামিনধার। আমরা ব্যাংকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

অনুকূলের সঙ্গে জড়িতের ব্যাপারে তিনি বলেন, যদি সে জড়িত থাকে তাহলে ব্যাংকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত