বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ঢাকায় তার প্রধান কার্যালয়ে একটি প্রদর্শনী কেন্দ্র (এক্সিবিশন সেন্টার) চালু করেছে। গতকাল এই প্রদর্শনী কেন্দ্র চালু করা হয় বলে বিজিএমইএ জানিয়েছে। বিজিএমইএর প্রাক্তন সভাপতি মোশাররফ হোসেনের সম্মানে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি দিয়ে, তার নামে প্রদর্শনী কেন্দ্রের নামকরণ করা হয়েছে। মোশাররফ হোসেন ফেনী-৩ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন।
মোশাররফ হোসেনের স্ত্রী ফরিদা হোসেন, দুই মেয়ে ফারাহ আনজুম বারী ও ফারহানা আনজুমের উপস্থিতিতে ‘মোশাররফ হোসেন এক্সিবিশন এনক্লেভ’ উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
ফারুক হাসান বলেন, এই এক্সিবিশন এনক্লেভ বাংলাদেশের সমৃদ্ধময় ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শনের জন্য একটি সেন্ট্রাল হাব হিসেবে কাজ করবে, পাশাপাশি পোশাকশিল্পের উদ্ভাবন, অর্জন এবং টেকসই অনুশীলনের প্রতি অঙ্গীকার প্রদর্শন করবে। এটি বাংলাদেশ ও শিল্পের ব্র্যান্ডিংয়ে সহায়তা করবে এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে ফ্যাশনের সঙ্গে যুক্ত করে পোশাক রপ্তানির সুযোগ তৈরি করবে।
