তথ্য আইনে তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা (শেরপুর) উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে জেলে দেওয়ার প্রতিবাদে ও তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুরের ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আজগার আলীর উপস্থাপনায় ও সভাপতি মো. হারুন উর রশীদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আল হেলাল চৌধুরী, সিনিয়র-সহ সভাপতি ইমাম রেজা, সহ-সভাপতি মো. কবির সরকার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান মন্ডল, কোষাধ্যক্ষ বাদল চন্দ্র প্রামাণিক, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও প্রচার সম্পাদক মো. মোরসালিন ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভায় সকলে সাংবাদিক রানাকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানান।
উল্লেখ, গত মঙ্গলবার (৫ মার্চ) ইউএনও সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াকে কেন্দ্র করে নকলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ সাংবাদিক রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান। এ বিষয়ে সাংবাদিক রানার স্ত্রী বন্যার দাবি জাইকার কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় রানার উপর ক্ষুব্ধ হন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন।
