ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শততম টেস্ট খেলতে নামেন নিউজিল্যান্ড ক্রিকেটের দুই স্তম্ভ কেন উইলিয়ামসন ও টিম সাউদি। ম্যাচের শুরুতে বিশেষভাবে সম্মান জানানো হয় দুজনকেই। ক্যারিয়ারের শেষ টেস্টে আম্পায়ারিং করতে নামা মারাইস ইরাসমাসকে ‘গার্ড অব অনার’ দেয় দুই দল।
মাঠের ক্রিকেটে অবশ্য দিনটা রাঙাতে পারেননি দুজনের কেউই; বরং হ্যাজেলউডের পেস তোপের সামনে চূর্ণ হয়েছে স্বাগতিকদের ব্যাটিং দুর্গ। টেস্ট ক্যারিয়ারে ১২তম বার ৫ উইকেটের স্বাদ পান জশ হ্যাজেলউড। শিকার করেন ৩১ রানে ৫ উইকেট। দিনটি স্মরণীয় স্টার্কের জন্যও। ৩ উইকেট নিয়ে ডেনিস লিলির ৩৫৫ উইকেট ছাড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের চতুর্থ সফলতম বোলার এখন তিনি। তাতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ ১৬২ রানেই। সর্বোচ্চ ৩৮ রান টম ল্যাথামের। হেনরি করেন ২৯ রান। বোলিংয়ে কিউইদের হয়ে জবাব দেন ম্যাট হেনরি। প্রথম দিনেই জমে উঠেছে লড়াই। পতন হয়েছে ১৪ উইকেটের। দিনটি স্বস্তিতে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়াও। ৪ উইকেট হারিয়ে তাদের রান ১২৪। হেনরির শিকার ৩টি। শামার জোসেফের পর আরও এক টেস্ট অভিষিক্ত বোলারের জীবনে প্রিয় ব্যাটার হয়ে রইলেন স্টিভেন স্মিথ। প্রথম ওভারেই স্মিথকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট তুলে নেন কিউই পেসার বেন সিয়ার্স। ৪৫ রানে অপরাজিত রয়েছেন মারনাস লাবুশেন।
