মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীদের গুলিতে আহত আনোয়ারুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার ১ মাস পর গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ার কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রহমতের বিল এলাকার আব্দুস সালামের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলাকালে বাংলাদেশের সীমান্ত এলাকা উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমারের ২৩ জন নাগরিক অনুপ্রবেশ করে।
এ সময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে অস্ত্রসহ অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা স্থানীয়দের গুলি করে। এতে ৫ জন আহত হন। এর মধ্যে আনোয়ার গুরুতর আহত হন।
এদিকে ৬ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেই ২৩ নাগরিকের বিরুদ্ধে মামলা করে বিজিবি। যারা এখন রিমান্ড শেষে কারাগারে রয়েছে।
