ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে কুমিল্লায় ভোট হচ্ছে শুধু মেয়র পদে এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়াদ অবসান হওয়ায় সেখানে মেয়র ও কাউন্সিলরের সব কটি পদে ভোট হচ্ছে।
গত জাতীয় সংসদ নির্বাচনে কাগজের ব্যালটে ভোট হলেও ময়মনসিংহ ও কুমিল্লায় আজ ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বিএনপি অংশ না নেওয়ায় এবং আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা না করায় এবার দুই সিটির নির্বাচন অনেকটা ‘নির্দলীয়’ হতে যাচ্ছে। মেয়র নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় কুমিল্লায় আওয়ামী লীগের দুজন ও ময়মনসিংহে তিনজন নেতা প্রার্থী হয়েছেন। অন্যদিকে নির্বাচনে অংশ না নিলেও কুমিল্লায় ভোটের আলোচনায় আছে বিএনপিও। কুমিল্লায় বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা প্রার্থী হয়েছেন। ফলে কুমিল্লায় বিএনপির ভোটাররাও জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ময়মনসিংহ নগর আওয়ামী লীগে দুটি পক্ষ রয়েছে। দুই পক্ষ থেকেই প্রার্থী রয়েছে।
দুই সিটির ভোটের প্রচারে বড় ধরনের কোনো হামলা-সংঘর্ষের ঘটনা না ঘটলেও নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা ও নিষ্ক্রিয়তা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন কুমিল্লা সিটিতে মেয়র পদে প্রার্থী হওয়া চারজনের তিনজনই। ভোটারদের কেন্দ্রে যেতে হুমকি, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ সারা দেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে (পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ) মোট ২৩১টি নির্বাচন ও উপনির্বাচন হচ্ছে আজ।
