জয়পুরহাটে গভীর রাতে হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীরা

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:৪৮ এএম

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের রুমে শুক্রবার গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগে। আগুনের ধোঁয়ায় মুহূর্তেই হাসপাতালের রোগী ও তাদের স্বজন, নার্স, ডাক্তারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি করে হাসপাতালে সামনের রাস্তায় ও আদালত চত্বরে অবস্থান নেয়। এতে  রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। তবে এ ঘটনায় কারো আহত বা নিহতর খবর পাওয়া যায়নি। 

হাসপাতাল ও ফায়ার সার্ভিস এবং রোগীদের সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে  হাসপাতালে দ্বিতীয় তলার তত্ত্বাবধায়কের রুমে আগুন জ্বলতে দেখা যায় । সঙ্গে সঙ্গে হাসপাতালে কর্তব্যরতরা বিভিন্নভাবে আগুন নিভানোর চেষ্টা করে। মুহূর্তে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে ও। এ সময় রোগী তাদের স্বজনদের মধ্যে আতঙ্কের  সৃষ্টি হয় তারা তাড়াহুড়া ছোটাছুটি করে হাসপাতালের বাহিরে রাস্তায় ও আদালত চত্বরে অবস্থান নেন। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। খবর পেয়ে পুলিশ সুপার নূরে আলম  হাসপাতালে ঘটনাস্থলে আসেন। 

গভীর রাতে আদালত চত্বরে দেখা যায়, রোগীর স্বজনরা কেউ হাতে ধরে স্যালাইন দিচ্ছেন, কেউ গাছে ঝুলিয়ে দিয়ে স্যালাইন দিচ্ছেন। রোগীরা পড়েছিল চরম দুর্ভোগে। 

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, রাত ১ট ১৪ মিনিটে আমরা খবর পাই। তখনই আমাদের দুটি ইউনিট মিলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। তেমন কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি। তবে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে ছিল। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ও তদন্তের পর আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে। 

এ ব্যাপারে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। রোগীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে গিয়েছিল। তারা ধীরে ধীরে হাসপাতালে চলে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত