ময়মনসিংহে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি, মিলছে না আঙুলের ছাপ

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৫৮ পিএম

ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সিটির ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। তবে ইভিএমে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি রয়েছে। ইভিএম মেশিনে অনেকের আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় তারা ভোট দিতে সমস্যায় পড়েন।

আজ শনিবার (৯ মার্চ) সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের এমন দৃশ্য দেখা গেছে। তবে নারী ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য।

নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছেন না ভোটাররা।

একই কেন্দ্রে ভোট দিতে আসেন চান মিয়া জানান, দীর্ঘ দেড় ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু ভোট দিতে পারছি না। লাইন সামনে এগুচ্ছে না।

ভোট দিতে আসা আব্দুল হেকিম বলেন, দোকান বন্ধ করে ভোট দিতে এসেছি। এক ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে আছি। 

জানা গেছে, বিভিন্ন কেন্দ্রেই ভোটগ্রহণে ধীরগতি চলছে। ইভিএমে ত্রুটি লক্ষ্য করা গেছে। পোলিং অফিসারদের মতে, বিভিন্ন কারণে ভোট গ্রহণ দেরি হচ্ছে। আঙুলের ছাপ নিতে দেরি হচ্ছে। তােই ভোটগ্রহণ ধীরগতিতে চলছে।

এর আগে ভোট দিতে এসে মেয়র প্রার্থী ইকরামুল হক বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভোগান্তির হচ্ছে।

সদ্য সাবেক মেয়র ইকরামুল হক বলেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়। বিড়ম্বনা হলে ভোটাররা কেন্দ্রে আসবেন না।’

 নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূরুল ইসলাম বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ৩২৬০। আঙুলের ছাপ নিতে দেরি হচ্ছে। তাই ভোট গ্রহনের কিছুটা ধীরগতি হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত