গাজায় ত্রাণের চাপায় হতাহতের দায় নেবে না যুক্তরাষ্ট্র

  • গাজায় ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে নিহত ও আহতের ঘটনায় দায় নেয়নি যুক্তরাষ্ট্র
  • সেন্টকম জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জর্ডান, মিসর, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসও ত্রাণসামগ্রী ফেলেছে
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:৫৫ পিএম

ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ফেলা ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে নিহত ও আহতের ঘটনায় দায় নেয়নি যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার গাজা উপত্যকার আল শাতি শরণার্থীশিবিরে এ ঘটনা ঘটে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ‘গাজায় মানবিক সহায়তা হিসেবে বিমান থেকে ফেলা ত্রাণসামগ্রীর নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে।

যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। কিছু প্রতিবেদনের খবরের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তায় চাপা পড়ে এ ঘটনা ঘটেনি।’

পোস্টে আরও বলা হয়, ‘গাজাবাসীর জন্য গতকাল বিমান থেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জর্ডান, মিসর, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসও ত্রাণসামগ্রী ফেলেছে। এসব ত্রাণের মধ্যে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসাসামগ্রী রয়েছে।‘

শুক্রবার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত