বাংলাদেশের ক্রিকেটে অনেকদিন ধরেই অমিমাংসীত হয়ে আছে তামিম ইকবাল ইস্যুটি। গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলাকালে অবসর নেওয়ার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন। তবে ক্রিকেটে ফিরলেও এখনো পর্যন্ত জাতীয় দলে ফেরেননি তামিম। বিপিএলের পরে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও সেটিও হয়নি। আজ বিসিবির সভাশেষে গণমাধ্যমে সভাপতি নাজমুল হাসান পাপন এই প্রসঙ্গে কথা বলেন।
তামিমের কী সমস্যা সেটাই এখনো জানেন না উল্লেখ করে পাপন বলেন, ‘সবার সঙ্গেই আমার সম্পর্ক আছে বলে আমি মনে করি। আমি একা মনে করলে তো হবে না। তামিমের বিষয়টা একটু স্পর্শকাতর বিষয় এ কারণে যে, হুট করে কেন একটা ম্যাচ খেলে ছেড়ে দিল এটাও এখনো জানি না। প্রথম সমস্যাই যদি না জানি পরবর্তীতে কী হলো সেই সমাধান দিতে পারবে না। ওর জিনিসটা জানা দরকার।’
সমস্যার মূলে যে বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহে একজন প্রভাবক- তো খোলা সত্যের মতো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভব কিনা এটা বোঝার জন্য ওদের সাথে বসতে হবে। তামিমের সাথে বসা খুবই জরুরী। তার পরিকল্পনা জানলে সামনে অগ্রসর হতে পারব। হেড কোচের সাথে বসার মতো কিছু দেখছি না। তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য কোচকে জিজ্ঞেস করার কী আছে?’
তামিমের সঙ্গে কবে আলোচনায় বসবে বিসিবি? এমন প্রশ্নে নাজমুলের উত্তর, ‘আমাদের সিরাজ ভাই ও জালাল ভাইকে (দুই বোর্ড পরিচালক) বলেছিলাম তামিমের সাথে বসে ওর পরিকল্পনা জানতে। তারপর আমিও বসব। তখন বিপিএল তুঙ্গে। সে সময় তারা বসতে পারেননি, তবে যোগাযোগ হয়েছে। বিপিএলের পরপরই বসার কথা ছিল কিন্তু ও দেশের বাইরে চলে গেছে। ও যাওয়ার আগে বলে গেছে এসে আমাদের সাথে যোগাযোগ করবে। করলে অবশ্যই বসা হবে।’
