নারী দিবসে মক্কার ইমামের বিবৃতি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৮:৫৮ এএম

মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্ম বিষয়ক প্রশাসনের প্রধান এবং মক্কার মসজিদে হারামের অন্যতম ইমাম শায়খ ডক্টর আবদুর রহমান সুদাইস বলেছেন, ‘ইসলামে নারীদেরকে উচ্চ ও সম্মানিত স্থান দেওয়া হয়েছে। সমাজের বিনির্মাণ ও উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসবিকিউ নিউজের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শায়খ ডক্টর আবদুর রহমান সুদাইসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব নারীদেরকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে, তাদের কাছে বিভিন্ন বিষয়ের দায়িত্ব অর্পণ করেছে, যা তারা ভালোভাবে পালন করছে। বিষয়টি তাদের সক্ষমতার স্বীকৃতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে নারীদের অধিকার সুরক্ষিত। বিশেষ করে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমানের শাসনামলে নারীদেরকে সর্বক্ষেত্রে সম্মান ও মর্যাদা দিয়ে যথাযথভাবে ক্ষমতায়ন করা হয়েছে। এর মাধ্যমে তাদের জন্য একটি আদর্শ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে।’

তিনি নারীদের বিশেষ আরেকটি কাজের কথা উল্লেখ করে বলেন, ‘মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে আগত হজ ও ওমরাহ পালনকারী মহিলাদের বিভিন্ন দিকনির্দেশনা ও সাহায্য করার ক্ষেত্রেও সৌদি নারীদের ভূমিকা অপরিসীম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত