রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুমতি না নিয়েই স্কুলমাঠে সড়ক নির্মাণ কাজের ঠিকাদার পাথরসহ বিভিন্ন সামগ্রী রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাতের অন্ধকারে স্কুলের খেলার মাঠে খোয়া, পাথর, বালি, পিচ ও নির্মাণসামগ্রী রাখার কারণে আমাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। দ্রুত খেলার পরিবেশ সৃষ্টি করার জন্য দাবি জানাই।
স্থানীয় এলাকাবাসী বলেন, ঠিকাদার কাজের শুরুতেই নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করে আসছে। বিষয়টি নিয়ে তাকে বারবার বলা হলেও কোনো কর্ণপাত করছে না। আবার কোনো অনুমতি না নিয়ে স্কুলের খেলার মাঠে নির্মাণসামগ্রী রেখে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে।
শালমারা-জঙ্গল সড়ক নির্মাণকাজের ঠিকাদার হাবিবুর রহমান বলেন, নির্মাণসামগ্রী রাখার জায়গা না থাকায় স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কিনে দিতে চেয়েছি। তবে অনুমতি না নিয়ে রাখার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে দেখা করতে চান।
অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, সড়ক নির্মাণকাজের জন্য আনা পাথর ভর্তি একটি ট্রাক বিদ্যালয়ের খেলার মাঠে এসে বিনা অনুমতিতে পাথর নামাতে থাকে। তাদের নিষেধ করলে, ট্রাক ওঠাতে সমস্যার অজুহাতে নামানোর পর সরিয়ে নিতে চায়। পরে রাতের অন্ধকারে বিদ্যালয়ের মাঠে পাথর, পিচ, বালিসহ নির্মাণসামগ্রী রেখেছে। তাদের সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেও সরিয়ে নিচ্ছে না। এতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি কমিটিকে জানানো হয়েছে।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, সড়ক নির্মাণকাজের ঠিকাদার তার ইচ্ছামতো কাজ করছে। স্কুলের মাঠে কারও অনুমতি ছাড়াই নির্মাণসামগ্রী রেখে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
