বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় উদযাপন হয়েছে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত সোমবার এসব অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনরা অতিথি হিসেবে থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানান। এ সময় বক্তারা বলেন, ‘দেশ রূপান্তর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে এগিয়ে নিচ্ছে।’ অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের পাঠক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্রের এজেন্ট-হকার ও শুভানুধ্যায়ীরা। ব্যুারো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গত সোমবার আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দেশ রূপান্তর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে এগিয়ে নিচ্ছে। আগামী দিনে লেখনীর মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে এটাই প্রত্যাশা করি।’
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল মান্নান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ প্রমুখ। দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য দেন ডেপুটি ব্যুরো চিফ ভুঁইয়া নজরুল।
লালমনিরহাট : গত সোমবার দুপুরে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হলরুমে সংক্ষিপ্ত আলোচনার পর কেক কাটা হয়। দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ফরহাদ আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান লাডলা, প্রবীণ সাংবাদিক গোকুল রায় প্রমুখ।
পটুয়াখালী : গত সোমবার কাছেম আলী রেসিডেন্সিয়াল স্কুলে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাফিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জিয়াদ হোসেন, রাসেল কবির মুরাদ, আলমগীর হোসেন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জাহিদ রিপন। পরে শিক্ষার্থীসহ আগত অতিথিদের হাতে দেশ রূপান্তর পত্রিকা তুলে দেওয়া হয়।
আনোয়ারা (চট্টগ্রাম) : গত সোমবার বিকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি ও আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম প্রমুখ।
