রোজার শেষ ১৫ দিন মেট্রোর সময় বাড়ছে ১ ঘণ্টা

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:২৮ এএম

আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন (১৬ রমজান থেকে ঈদের আগের দিন পর্যন্ত) মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে প্রথম ১৫ দিনে নতুন সূচিতে চলবে মেট্রো। এ সময় মেট্রো পেতে ৮ মিনিট থেকে ১২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে যাত্রীদের। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, রমজানের প্রথম ১৫ দিন নতুন সূচিতে চলবে মেট্রোরেল। এ সময় স্পেশাল পিক আওয়ারে (সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টা) ১০ মিনিট পরপর মেট্রো ছাড়বে। এরপর বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত (পিক আওয়ার) মেট্রো ছাড়বে ৮ মিনিট পরপর। দুপুর ২টা পর্যন্ত অফপিক আওয়ারে মেট্রোর জন্য যাত্রীদের অপেক্ষা করতে হবে ১২ মিনিট। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত আবারও পিক আওয়ার মেট্রোর। এ সময় ৮ মিনিট পরপর স্টেশনে পাওয়া যাবে ট্রেন।

শেষের ১৫ দিন এক ঘণ্টা সময় বাড়বে মেট্রো চলাচলের। এ সময় মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এই ১৫ দিনে ১০টি মেট্রো বেশি চলবে। এ সময়ে প্রতিদিন ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতরের দিন মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানেও শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে। ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। তাছাড়া রমজান মাসে যাত্রীরা ক্লান্ত থাকবেন। তাই তাদের কথা বিবেচনা করে পেইড জোনে কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে ৭৫ মিনিট থাকতে পারবেন। এটি আগে ৬০ মিনিট ছিল। রমজান মাস শেষে আবার এটি ৬০ মিনিটে ফেরত আসবে।’

নারীদের জন্য আরেকটি কোচ বাড়ানো সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ছয়টি কোচ চলছে, ভবিষ্যতে আটটি কোচ চালু না হওয়া পর্যন্ত নারীদের জন্য আলাদা কোচ বাড়ানো সম্ভব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত