স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘যাদের টাকা আছে তারা যেখানে খুশি যেতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চাই। আমরা বিভিন্ন হাসপাতাল পর্যবেক্ষণ করছি। আমরা দেখব হাসপাতালে ভালো কোনো সার্ভিস আছে কি না।’ গতকাল রবিবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কেন্দ্রে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে। ভবিষ্যতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কী করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে মেয়েদের ব্রেস্ট ক্যানসার হচ্ছে। সচেতনতার অভাবে মেয়েরা এ সমস্যার সম্মুখীন হচ্ছে। কীভাবে নিরাময় সম্ভব এ ব্যাপারে সচেতনতামূলক প্রচার-প্রচারণা হচ্ছে। সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে।
