ড্রয়ে খুশি কাবরেরা বললেন, 'আসল লড়াই তো সামনে'

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:৩০ এএম

আগামী ২১ মার্চ কুয়েত সিটিতে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ফিলিস্তিনের। তায়েফ শহরেই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে আফ্রিকান দল সুদানও। তো, এই সুযোগে মধ্যস্থতায় দু'দল দুটি রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। 

যার প্রথমটি হয়েছে রবিবার রাতে। ফিফা স্বীকৃত ম্যাচ নয় বলে দুই দলের সম্মতিতে ম্যাচগুলোর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছিল। 

তবে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানা গেছে বিশ্ব র‌্যাংকিংয়ে ৫৬ ধাপ এগিয়ে থাকা সুদানকে গোল করতে দেয়নি বাংলাদেশ। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

এমন ফলাফলে সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'দারুণ খেলেছে ছেলেরা। তাদের মানসিকতা উন্নতি হয়ে। তাতে যে ফল পেয়েছি তাতে আমি খুশি। তবে এটা ছিল প্রস্তুতি ম্যাচ। আসল লড়াই তো সামনে। সেখানে ছেলেরা কেমন করে, সেটাই দেখার অপেক্ষা। আমার প্রত্যাশা ভালোই করবে ছেলেরা।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত