ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় থাকলেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। তারপর থেকেই জাতীয় দলের হয়ে মাঠে ফেরাটা এখনো রয়েছে অনিশ্চয়তার মধ্যেই। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অভিজ্ঞ এই ওপেনারের যে সুসম্পর্ক নেই। টাইগারদের বর্তমান কোচ দায়িত্বে থাকলে জাতীয় দলে ফিরবেন কিনা, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম।
দেশের একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তামিম কথা বলেন সাম্প্রতিক সময়ের নানা ইস্যু নিয়ে। অবসর কাণ্ড, অধিনায়কের দায়িত্ব ছাড়া, সমর্থকদের সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই ওপেনার।
হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার দলে ফেরাটা কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আফগানিস্তান সিরিজে হুট করে কেন অবসর নিয়েছিলেন তামিম-এমন প্রশ্নের জবাবে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো।’
বিশ্বকাপ দলে তামিমের না থাকা ইস্যুতে কথা বলেছিলেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেছিলেন, ‘তামিমের আচরণ বাচ্চাদের মতো। যেন আমার ব্যাট আমি খেলব। সে নিজের জন্য খেলে। দলের কথা চিন্তা করে না।’ ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাকিব।
সেই কথা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি এমন ব্যাক্তি না যে টিভি চ্যানেলের সামনে এসে আমার সতীর্থকে নিয়ে কথা বলব।’
