বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট’-এ বালক ও বালিকা উভয় বিভাগে শিরোপা জিতেছে সানিডেইল। আজ পল্টনের শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।
বালক বিভাগের ফাইনালে সানিডেইল ১০-২ গোলে মতিঝিল আইডিয়াল স্কুলকে হারায়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজকে ৩-২ গোলে পরাজিত করে। এ নিয়ে বালক বিভাগে পঞ্চমবার ও বালিকা বিভাগে ষষ্ঠবার প্রতিযোগিতার শিরোপা জিতল বিদ্যালয়টি। বালক বিভাগে সানিডেইলের আহান ও বালিকা বিভাগে একই বিদ্যালয়ের নামিলা সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাকির হোসেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দলের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
