রমজান ও ঈদ টার্গেট ছিল ছিনতাইকারী চক্রটির

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম

একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। তারা পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠছে। রাজধানীর মোড়ে মোড়ে পথচারী ও বাস যাত্রীদের টার্গেট করে সুযোগ পেলেই ছোঁ মেরে সর্বস্ব লুটে নেয় চক্রটি।

আজ সোমবার দুপুরে উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও অভিযানের বিষয়ে বিস্তারিত জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ।

তিনি বলেন, রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ জেলায় এমন শতাধিক ছিনতাইকারী রয়েছে। তারা দেশের বিভিন্নপ্রান্ত থেকে এসে ছিনতাই, ডাকাতি ও অজ্ঞানপার্টির সদস্যদের সঙ্গে গ্রুপ ভিত্তিক সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার পরিকল্পনা করেছে। গ্রেপ্তার ৩২ জনই একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

তিনি বলেন, রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত র‌্যাব-১ এর একাধিক অভিযানে রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আব্দুলাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকা থেকে ৩২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা।

লে. কর্নেল মোসতাক আহমেদ আরও জানান, রমজানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ট করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত