বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মিথ্যা অজুহাতে’ অবৈধভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। এই নির্বাচনে আইনজীবীদের ভোটের প্রতিফলন ঘটেনি। ভোটের প্রতিফলন ঘটলে এবারও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হতেন। এই নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ কৃত্রিম সংঘাত সৃষ্টি করেছে। তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। সরকার মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্টকেও অপবিত্র করেছে।
গতকাল সোমবার দুপুরে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী এ কথা বলেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে পুলিশ বাধা দিলে, তা উপেক্ষা করে মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, ‘অ্যাডভোকেট যুথী কার স্ত্রী? যুবলীগের সভাপতির স্ত্রী। তার গ্রুপের লোকজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর গ্রুপের লোকজনের সঙ্গে মারামারি করেছে। আর সরকার কাদের বিরুদ্ধে মামলা করল? যারা এই সংঘাতের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা নেই, কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে না। মামলা দেওয়া হলো রুহুল কুদ্দুস কাজলের নামে। তাকে আবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এ সময় অন্যদের মধ্যে দলের নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, শেখ মো. শামীম, আব্দুর রহিম, আলী আকবর চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে রিকশাচালকরা। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
