কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন, ফিরলেন লাশ হয়ে

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১০:০০ এএম

শরীয়তপুরের রুদ্রকরে কাভার্ডভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে লোকমান শেখ (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লোকমান শেখ উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা মাকসাহার এলাকার মৃত মনব শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লোকমানসহ সাতজন শ্রমিক কাজের উদ্দেশ্যে নছিমনে হোগলা মাকসাহার থেকে মনোহর বাজারের দিকে যাচ্ছিলেন। তারা আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা চাঁদপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি ছিটকে খালে পড়ে যায় এবং লোকমান সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের  উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এসময় উত্তেজিত জনতা কাভার্ডভ্যান গাড়িটিকে ভাঙচুর চালালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত লোকমান শেখের ভাই চাচাতো ভাই মো. হান্নান বলেন, আমার ভাই একাই সংসারটি চালায়। তার দুটি বাচ্চা আর স্ত্রী আছে। ভোরবেলা রোজা থেকে কাজে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছে। এখন পরিবারটি যেন ভালোভাবে বাঁচতে পারে সরকার থেকে সেই ব্যবস্থা করা হোক। তাছাড়া এই দুর্ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি বিচার চাই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাটিতে একজনের মৃত্যু হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত