আতলেতিকোর মাঠে খেলা বলেই সতর্ক ইন্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০১:১৫ এএম

ইতালিয়ান লিগে চলতি মৌসুমে বড় কোনো অঘটন না ঘটলে শিরোপা উঠবে ইন্তার মিলানের হাতে। ১০ ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে তারা। গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছিল ক্লাবটি। এবারও উয়েফার মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে শেষ ষোলোতে টিকে আছে তারা। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে ইন্তারের সামনে বাধা আতলেতিকো মাদ্রিদ।

প্রথম লেগে নিজেদের মাঠে ইন্তার মিলান জিতেছে ১-০ গোলে। তাই সুবিধাজনক অবস্থানে আছে ইতালির ক্লাবটি। যে কোনো ব্যধধানে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে উঠবে তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৩ ম্যাচে জিতেছে ইন্তার মিলান। শেষ ১৫ ম্যাচ অপরাজিত ক্লাবটি। অপরদিকে আতলেতিকো মাদ্রিদ নিজেদের সবশেষ ম্যাচে লা লিগায় হেরেছে পয়েন্ট টেবিলের তলানির দল কাদিজের কাছে।

চ্যাম্পিয়নস লিগে গেল মৌসুমে আতলেতিকো মাদ্রিদ বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তার আগে নকআউটে প্রথম লেগ হারের পর আর ফিরে আসতে পারেনি সিমিওনের দল, এমনটি ঘটেছে শেষ তিনবারই। তবে খেলাটা ঘরের মাঠে বলেই স্বপ্ন দেখতে পারেন আতলেতিকো মাদ্রিদ সমর্থকরা। মেট্রোপলিটানোতে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৩২ ম্যাচের মাত্র একটি হেরেছে তারা। ইতালিয়ান ক্লাবের বিপক্ষে শেষ ৯ হোম ম্যাচের সাতটি জিতেছে আতলেতিকো।

তাই এক গোলে এগিয়ে থাকা যে খুব একটা নিরাপদ নয় তা ভালোই জানা ইন্তার কোচ সিমন ইনজাঘির। আতলেতিকো মাদ্রিদের কোচ সিমিওন এবং ইন্তারের কোচ ইনজাঘি সতীর্থ ছিলেন খেলোয়াড়ি জীবনে। তারা ১৯৯৯-২০০৩ পর্যন্ত একসঙ্গে খেলেছেন লাৎসিওতে। প্রথম লেগে ইনজাঘির কৌশলের কাছে হার মানতে হয়েছে সিমিওনেকে।

আতলেতিকো তাদের শেষ চার ম্যাচে আন্তনিও গ্রিজমান ও হোসে জিমিনেজকে পায়নি। ইনজুরিতে ছিলেন তারা। তবে আজ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গ্রিজমান ফিরবেন। আলভারো মোরাতার ফর্মহীনতা ভাবাচ্ছে সিমিওনেকে। শেষ ১০ ম্যাচে মোরাতার গোল মাত্র একটি।

তবু সিমিওনে দলের খারাপ সময়ের দায় নিলেন নিজের ওপর। কাদিজের সঙ্গে হারের পর আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আমি মনে কার দলের খেলোয়াড়রা তাদের শতভাগ দিচ্ছে। আমিই বরং সঠিক পথ খুঁজে পাচ্ছি না। আমি এই খেলোয়াড়দের নিয়ে শেষ পর্যন্ত যাব। কারণ আমি জানি তারা কতটা উজাড় করে দিতে পারে দলের জন্য।’

প্রথম লেগে ইন্তারকে জেতানো একমাত্র গোলটি করেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড মার্কো আর্নাতোভিচ। ধারে খেলতে এসেছেন ইন্তারে। এই মৌসুমে ধারে খেলতে এসেছেন মার্কো। মিলানের হয়ে মৌসুমে মাত্র চার গোল করেছেন তিনি। অবশ্য মাঠে নামার খুব একটা সুযোগও পান না। প্রথম লেগে গোল করেন বদলি নেমে।

আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে খেলবে পিএসভি আইনদোভানের বিপক্ষে। এই দুই দলের প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। চ্যাম্পিয়নস লিগে এখন আর অ্যাওয়ে গোলের সুবিধা নেই। ফলে আজকের ম্যাচে জয়ী দলই উঠবে কোয়ার্টার ফাইনালে। ডাচ ক্লাব পিএসভি সবশেষ কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০০৬-০৭ মৌসুমে। আর ডর্টমুন্ড সবশেষ কোয়ার্টার ফাইনালে খেলেছে ২০২০-২১ মৌসুমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত