রমজান মাস উপলক্ষে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে (সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সময়) গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে।
এ ছাড়া আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। ১৯ এপ্রিল থেকে পূর্বের নিয়মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।
এদিকে চলমান রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণিতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার বেলা আড়াইটায়। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
