ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ ও আগামীকাল বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আজ খুলনা ও বরিশাল বিভাগে আর কাল কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বরিশাল ও খুলনা অঞ্চলে দুই-এক পশলা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা সামান্য কমবে। এরপর আবার বাড়তে থাকবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।