রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা, ইফতার পার্টি নিষিদ্ধের সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করছে।’ গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। দেশে ৯০ ভাগের বেশি মুসলমান। সুতরাং, আমরা দেখে আসছি, রমজান মাস জুড়ে সাধারণত সারা দেশের সব স্কুল-কলেজ কিংবা মাদ্রাসাসহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকত। অথচ, এবার ব্যতিক্রম। সরকার রমজানের অর্ধেক মাস দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।’
তিনি বলেন, ‘বিশ্বের প্রতি মুসলমানের কাছেই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পবিত্র রমজান মাসে মানুষ একটু শান্তি এবং স্বস্তিকর পরিবেশে রোজা রাখবে, সাহরি করবে, ইফতার করবে, ইবাদত বন্দেগি করবে, প্রত্যেকটি মানুষেরই এমন আশা আকাক্সক্ষা।’
