ওপেন করেননি তামিম, দীপু-ইমনের ২৪৬ রানের জুটি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:৫০ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক টস হেরে আগে ব্যাটিংয়ে নামে। তবে প্রাইম ব্যাংকের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেননি অধিনায়ক তামিম ইকবাল। ক্রিজে পাঠান শাহাদাত হোসেন দীপু ও পারভেজ হোসেন ইমনকে। জাতীয় দলে অভিষেক হওয়া এ দু্ই তরুণ  যে কাণ্ড করেছেন তাতে বিন্দুমাত্র আক্ষেপ থাকার কথা না তামিমের।

দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথমে দীপু, পরে ইমন। দুজনের জুটিতে এসেছে ২৪৬ রান। ডিপিএল ইতিহাসে নিঃসন্দেহে এটি সেরা উদ্বোধনী জুটিগুলোর একটি। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ৩১২ রানের। সৌম্য সরকার ও জহুরুল ইসলাম অমি মিলে আবাহনীর হয়ে গড়েছিলেন এ জুটি। ২০১৯ মৌসুমে শেখ জামালে বিপক্ষে ৩১৮ রান তাড়ায় এ জুটি গড়েন তারা। অপরাজিত ২০৮ রান করেছিলেন সৌম্য সেই ম্যাচে।

সেঞ্চুরির পর শাহাদাত হোসেন দীপু

আর বিশ্বে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ উদ্বোধনী জুটি ৪১৬ রানের। তামিল নাড়ুর হয়ে নারায়ণ জাগাদিসান ও সাই সুদর্শন মিলে ২০২২-২৩ মৌসুমে বেঙ্গালুরুতে গড়েছিলেন জুটিটি।

সেঞ্চুরির পর ইমন ব্যাট উচিয়ে উদযাপন করেন

দীপু-ইমনের জুটি ভাঙেন ব্রাদার্স ইউনিয়নের পেসার আবু জায়েদ রাহী। ১১১ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৯ রান করে দীপু আউট হন মনির হোসেনকে ক্যাচ দিয়ে। তামিম ইকবাল তিন নম্বরে নেমেছেন প্রাইমের হয়ে ব্যাট করতে। ৩৮ ওভার শেষে ইমন ১১২ রানে অপরাজিত আছেন। প্রাইমের সংগ্রহ ১ উইকেটে ২৬০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত