রিয়ালের ছবি নিয়ে বিপত্তি, না খেলার হুমকি দিয়েছিলেন ভিনি

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০২:৫৯ পিএম

ভ্যালেন্সিয়া ম্যাচের আগে ভিনিসিয়ুস জুনিয়রের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিল রিয়াল মাদ্রিদ। ছবিতে দেখা যায়, মাদ্রিদের ব্যাজে চুমু খাচ্ছেন ভিনি। কিন্তু ছবিটির নিচের অংশেই ইসরাইলি ডিজে জুটি ‘ভিনি ভিসি’–এর একটি স্টিকার জুড়ে দেওয়া হয়। এই স্টিকার নিয়েই বেঁধেছে বিপত্তি। স্টিকারটিতে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষের বিবর্তন। আর সেটি বানর থেকে মানুষ হয়ে ডিজেতে রূপান্তরিত হয়েছে। পোস্টটি ৩০ মিনিট পরই মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে সেটি দেখে ফেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ নিয়ে তর্কে জড়ান রিয়ালের নির্বাহীদের সঙ্গে।

লা লিগায় সেই ম্যাচে গত ২ মার্চ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২–২ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। সেই ম্যাচের আগে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ ও ভিনির মধ্যে আরেকটি লড়াই হয়েছিল।  শেষ পর্যন্ত রিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে অ্যাঞ্জেল সানচেজের হস্তক্ষেপে শেষ হয় উত্তপ্ত হয়ে যাওয়া ঘটনাটি।

ইএসপিএনের প্রতিবেদক গুস্তাভো হফম্যানকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিনিসিয়ুস এই পোস্টের ব্যাখ্যা দাবি করেন রিয়াল কর্তৃপক্ষের কাছে। এমনকি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে না খেলার হুমকিও দেন। স্পেনের সংবাদমাধ্যম ‘রেলেভো’ দুই পক্ষের বাদানুবাদের খবর প্রথম প্রকাশ করে।

ভিনিসিয়ুস রাগান্বিত হওয়ার পর তাকে শান্ত করার চেষ্টা করেন রিয়ালের প্রধান নির্বাহী হোসে অ্যাঞ্জেল সানচেজ। ভিনির দাবি ছিল, এই মুহূর্তে তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন। আর তখনই কিনা রিয়ালের সামাজিক যোগযোগমাধ্যমে এমন পোস্ট!

হোসে অ্যাঞ্জেল সানচেজ অবশ্য সেই পোস্টের ব্যাখ্যা দেন ভিনিকে এবং সূত্র জানিয়েছে এরপর শান্ত হন ব্রাজিল তারকা। ভিনির দাবি অনুযায়ী, যারা এই পোস্ট করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে রিয়াল আরও সাবধান হবে, সানচেজ এমন প্রতিশ্রুতিও দেন তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত