কুমিল্লায় দুই পক্ষে গোলাগুলিতে যুবক নিহত

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০১:৪৫ এএম

কুমিল্লা শহরের শাসনগাছা লেগুনা মিনি বাসষ্ট্যান্ডের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে জামিল হাসান অর্ণব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে শাসনগাছা রেলওয়ে পথচারি-সেতু এলাকায় আবুল কাশেম গং ও মোল্লাবাড়ি গংয়ের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত জামিল হাসান অর্ণব ওই এলাকার আজহার উদ্দিনের ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন।

অর্ণবকে কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতা দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন শিবলু। তিনি বলেন, ‘অর্ণব আমাদের কর্মী, এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়।’

তবে একটি গণমাধ্যমের খবরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি আবু তৈয়বের বরাত দিয়ে বলা হয়, অর্ণব ছাত্রলীগের কর্মী ছিলেন। তৈয়ব বলেন, ‘জামিল হাসান আমার সঙ্গে ছাত্রলীগ করতেন। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। মারামারি দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

আহতরা হলেন শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (৩০) চেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)। তাদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থায়ীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকায় রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করতে থাকে, পরে ঘটনা শুনতে পেয়ে একই এলাকার রাব্বি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থায়ীরা অর্ণবসহ অন্য আহত গুলিবিদ্ধদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অর্ণব মারা যায়।

নিহত অর্ণব ও গুলিবিদ্ধদের স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা দাবি করলেও সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতরা সবাই কুমিল্লা শহরতলীর শাসনগাছা বাসস্ট্যান্ডের ইজারার সঙ্গে জড়িত রয়েছে বলে জানান স্থানীয়রা। শাসনগাছা বাসস্ট্যান্ড নিয়ে তাদের মধ্যে প্রায়শই সংঘর্ষ হয়ে থাকে।

এলাকাবাসী আরও জানান, শাসনগাছায় আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় একাধিক সিএনজি অটোরিকশা ও লেগুনার অবৈধ স্ট্যান্ড আছে। এগুলো থেকে প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদাবাজি হয়। এসব নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আওয়ামী লীগ সমর্থক আবুল কাশেম পক্ষের কাছে এক সময় স্ট্যান্ডগুলোর নিয়ন্ত্রণে ছিল। পরে তাদের সরিয়ে ছাত্রলীগ নেতা রাব্বি আলাউদ্দিন দায়িত্ব নেন। এরপর থেকেই দুই পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলায় জড়ায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, শাসনগাছা বাস টার্মিনাল এলাকার অবৈধ স্ট্যান্ড দখল ও আধিপত্য নিয়ে মোল্লাবাড়ি ও মধ্যমপাড়া এলাকার মধ্যে ঝামেলা হয়। গোলাগুলি হয়। এতে বুকে গুলি লেগে জামিল হাসান অর্ণব মারা যান। আরও চারজন গুলিবিদ্ধ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, লেগুনায় যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষের ঘটনায় গোলাগুলিসহ ইটপাটকেল নিক্ষেপের সময় অন্তত পাঁচজন আহত হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। অভিযুক্তদের ধরতে র‌্যাব ও পুলিশের একাধিক টিম কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত