‘যারা পয়ঃবর্জ্য সরাসরি ফেলবে তাদের পাইপে কলাগাছ থেরাপি দেব’

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৫:২৪ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গুলশান লেকের পাশেই গুলশান জামে মসজিদ। এই মসজিদের মুসল্লিরা আমাকে বারবার জানিয়েছেন লেকের দূষিত পানির দুর্গন্ধ মসজিদে আসে। দুর্গন্ধে টিকা যায় না। গুলশান সোসাইটি ও বারিধারা সোসাইটির নেতারা জানিয়েছে তারা নিজেরা এই লেক পরিষ্কারে অংশ নিতে চান। তাই কমিউনিটিকে সম্পৃক্ত করতে জনগণকে নিয়ে লেক পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।

আজ শনিবার ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথভাবে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, গুলশান ও বারিধারা লেক মূলত রাজউকের অধীনে আছে। তাদের আমি চিঠি দিয়েছি এগুলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে দিয়ে দেওয়া হোক। কিন্তু এই লেক এখনো রাজউকের অধীনে রয়ে গেছে। সিটি করপোরেশনকে দেওয়া হয়নি। রাজউক হস্তান্তর করুক আর না করুক, সেটি নিয়ে চিন্তা না করে পরিষ্কার অভিযান শুরু করেছি। এ অভিযানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে গুলশান সোসাইটি, স্কুল হলো স্যার জন উইলসন স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুল, স্কলাস্টিকা স্কুল, দিল্লি পাবলিক স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, সানিডেল স্কুলসহ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জাগো ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের প্রায় ৪০০ জন অংশ নিয়েছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, গুলশান মসজিদের সামনে লেকের অবস্থা খুবই খারাপ। এই এলাকার মলমূত্র সব এখানে ফেলা হয়। এটি মেনে নেওয়া যায় না। এই লেকগুলোতে মাছের চাষ হয় না, মশার চাষ হচ্ছে। আমি চাই এই লেকগুলোতে শিশুরা খেলবে। ওয়াটার টেক্সি চলবে, আরো আধুনিক যন্ত্র থাকবে যা দিয়ে তারা খেলবে। কিন্তু পানি হয়ে আছে শতভাগ দূষিত। এখানকার কোনো মানুষ এই লেক থেকে উপকৃত হচ্ছে না। এই এলাকায় অতিরিক্ত মশা, যা এই লেকগুলো থেকে হয়। গুলশান এলাকার মানুষের জন্য ঈদ উপহার হিসেবে ডিএনসিসি এ লেক পরিষ্কার করে দিচ্ছে।

মেয়র আরও বলেন, সরকারের একার পক্ষে একটা সোসাইটিকে সুন্দর করা সম্ভব না, যতক্ষণ না এখানকার মানুষই এগিয়ে আসে। আজকে এখানকার বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা ও শিশুরা এই কার্যক্রমে উপস্থিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন ফাউন্ডেশন ও এখানে উপস্থিত হয়েছে গুলশান বনানী অভিজাত এলাকা। এখানকার একেকটি ফ্ল্যাট ২৫ কোটি, ৫০ কোটি। কিন্তু অত্যন্ত দুঃখজনক এই এলাকার বিল্ডিংগুলো থেকে পয়ঃবর্জ্য সরাসরি এই লেকে এসে পড়ছে। ডিএনসিসির স্টর্ম ড্রেনের সঙ্গে একটি চোরাই পাইপ সংযুক্ত করা হচ্ছে। এই ড্রেন দিয়ে শুধু বৃষ্টির পানি যাওয়ার কথা। যারা পয়ঃবর্জ্য সরাসরি ফেলবে তাদের পাইপে আমি কলাগাছ থেরাপি দেব। যাতে করে এই বর্জ্য আবার তাদের দিকে ব্যাক যায়। একটা ছোট ইটিপি প্ল্যান্ট মাত্র ৩ লাখ টাকা। এসব প্ল্যান্ট করতে রাস্তার নিচে যতটুকু জায়গা লাগে সিটি করপোরেশন ব্যবস্থা করে দেবে। আমরা চাই শুধু সরকার না এলাকাবাসীও এগিয়ে আসুক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমার মনে হয়, আমরা নাগরিকরা এবং পুরো সমাজের সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নিই, তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের লেকগুলো এত সুন্দর, এগুলোকে যদি আবার জীবিত করতে পারি, তাহলে অনেক কিছু করার সুযোগ আছে। আর এটা করা সম্ভব। এটা একটা উদ্যোগের ব্যাপার। আমরা রাজউক, সিটি করপোরেশন, আমাদের সোশ্যাল সোসাইটি এবং ওয়াসাকে ডাকব। একটা সমন্বয় করে কাজগুলো করতে হবে। এটা আমি করব।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, মাত্র নয় মাসের ব্যবধানে আমি এই এলাকা থেকে দুইবার নির্বাচিত হয়েছি। নির্বাচনের আগে এবং পরে এই এলাকার মানুষের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি বারবার আমার কাছে তুলে ধরা হয়েছিল, সেটি হলো লেকগুলো পরিষ্কার করতে হবে। শুধু গুলশানের নয় এমনকি কালাচাঁদপুরে যে লেক আছে, বারিধারার পেছন দিকে যে লেক আছে, এর বাইরেও অনেকগুলো লেক আছে যেগুলো পরিষ্কার করা দরকার। আর দেরি করতে চাই না। আমার একটা প্রত্যাশা থাকবে শুধু লেকগুলো পরিষ্কার হবে তাই নয়। আগামী দিনেও যাতে লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করব।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত