কুমিল্লার হাসানপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ, সিলেট-চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রবিবার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান বলেন, 'সূর্যের তাপে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেনটির পেছনের দিকের বগি লাইনচ্যুত হয়েছে।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, 'দুর্ঘটনায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।'
রেলের পূর্ব অঞ্চল চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিজয় এক্সপ্রেসের ৬-৭টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে অফলাইন ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অফলাইন দিয়ে ট্রেন চলাচলের জন্য ব্যবস্থা করতেছি।
