বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:৩৬ এএম

বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, শিশুদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শন, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণী, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও কারাগারে বিশেষ খাবার পরিবেশন ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর : সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজবাড়ী মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনির্ভাসিটি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

রাজবাড়ী : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

ঝালকাঠি : শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ এতে বক্তৃতা করেন।

নড়াইল : জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ প্রমুখের উপস্থিতিতে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট : বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

বগুড়া : বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি প্রমুখ।

টাঙ্গাইল : জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নেত্রকোনা : সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সাংসদ ড. নাদিয়া বিনতে আমিন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) : সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। এরপর শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কৃষি অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত