পিরোজপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:৫৪ পিএম

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর পাড়েরহাট সড়কের মল্লিকবাড়ি স্ট্যান্ডে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছে।

সোমবার সকালে পিরোজপুর-পাড়েরহাট সড়কের মল্লিকবাড়ি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার ভান্ডারিয়া উপজেলার পুর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মো. মাসুম বিল্লাহ (৫০)  মোটরসাইকেল চালক মো. হাসব (৩০)। এঘটনায় মো. নুরু (৬০) ও আরিফ (৩০) নামে দুজন পথচারী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাসিব ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আরিফ নামের আরেক যুবককে নিয়ে মোটরসাইকেলযোগে পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাচ্ছিল। এ সময় মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ অপর একটি মোটরসাইকেলে চরখালির দিক থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল দুটি মল্লিকবাড়ি স্ট্যান্ডের কাছে এলে এক পথচারী আড়াআড়িভাবে রাস্তা পার হবার সময় পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের নুরু মিয়া নামের এক বৃদ্ধকে বাঁচাতে গেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুম বিল্লাহ এবং হাসিব নিহত হয়। এতে গুরুতর আহত হন নুরু মিয়া ও আরিফ। স্থানীয়রা তাৎক্ষণিক চারজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, এ ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ পিরোজপুর পাড়েরহাট সড়কের ঝাউতলা এলাকার আরেকটি দুর্ঘটনায় অটোরিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, ঘটনার পরবপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত