সিরিজের শেষ ম্যাচে এসে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। তার সঙ্গে ওপেন করতে নামার কথা ছিল সৌম্য সরকারের। আগের ম্যাচে যিনি দুর্দান্ত এক ফিফটি করেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পেয়ে উঠে গেছেন মাঠ থেকে। আর ফিরতে পারেননি। ব্যাটিংয়ে তাই তার কনকাশন বদলি হিসেবে নামাতে হয়েছে তানজিদ হাসান তামিমকে।
ফিল্ডিংয়ের সময় চোট পায়ে লেগেছে মনে হলেও পরে বিসিবি সূত্রে জানা গেছে, সে সময় কাঁধে লাগার পর কনকাশনের লক্ষণ আছে তার। মাঠে নামার পর শ্রীলঙ্কান খেলোয়াড়দের অবশ্য আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
এদিকে হাসপাতালে নেওয়া হচ্ছে ফিল্ডিংয়ের সময় এনামুলের সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়া জাকের আলী অনিককে। সৌম্যর বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে মাঠে নেই আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও। প্রথম ইনিংসে একটু খোঁড়াচ্ছিলেন। জানা গেছে, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অন ফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার সঙ্গে এসেছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।
