রাজশাহীতে গ্রাহকের সঞ্চয়পত্রের অর্ধকোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে এক পোস্টমাস্টারের বিরুদ্ধে। গত সপ্তাহে বিষয়টি নজরে আসে ডাক বিভাগের। এরপরই বিষয়টি গ্রাহকদের নজরে আনেন তারা। ৩০ জন গ্রাহকের অর্ধকোটি টাকার ওপরে হাতিয়ে নেওয়ার ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে
থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে ডাক কর্তৃপক্ষ। রাজশাহীর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, পোস্টমাস্টার মুখছেদ আলী কৌশলে গ্রাহকদের স্বাক্ষর করিয়ে নিজে টাকা তুলে নিয়েছেন বলে জানা যাচ্ছে।
মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘রাজশাহীর তানোর পৌর শহরের কুঠিপাড়ায় উপজেলা কেন্দ্রীয় পোস্ট অফিসের পোস্টমাস্টার মুখছেদ আলীর বিরুদ্ধে বহু গ্রাহকের লাখ লাখ টাকা সঞ্চয়পত্র তুলে নেওয়ার অভিযোগ পাই। আমরা তদন্ত কমিটি সেটির প্রমাণ পাই। এরপর মাইকিং করা হয় গ্রামে গ্রামে। এটি জানার পর মানুষ তাদের কাগজপত্র নিয়ে অফিসে আসছে। বাস্তবে গ্রাহক কোনো টাকা পাননি। আমরা এখন পর্যন্ত প্রায় ৩০ জন গ্রাহকের অর্ধকোটি টাকার বিষয়ে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, এ ঘটনায় পোস্টমাস্টার মুখছেদ আলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে তাকে এখানে থাকতে বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় তিনি আজ (সোমবার) অফিসে আসেননি। আমরা থানায় একটি জিডি করেছি। যেহেতু তিনি সরকারি কর্মচারী তার বিরুদ্ধে সরাসরি মামলা করা যায় না। তাই এটি দুদকে অভিযোগ হবে। সেখানেই মামলা করা হবে।
তানোরের কুঠিপাড়া গ্রামের আব্দুর রাকিব বলেন, ‘আমি সবশেষ যখন টাকা জমা দিই, তখন আমার জমার বইয়ের একটি জায়গায় সই করতে বলেন মুখছেদ আলী। আমি তার দেখানো জায়গায় সই করে বাড়ি চলে যাই। পরে গত মাসে আমি টাকা তোলার জন্য গিয়ে জানতে পারি যে আমার হিসাবে টাকা নাই।’
এ বিষয়ে অভিযুক্ত পোস্ট মাস্টার মুখছেদ আলীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
উত্তরাঞ্চল রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম বলেন, ‘আমি দিনাজপুর থেকে ফিরছি। আমি শুনেছি এক পোস্টমাস্টার গ্রাহকের টাকা তুলে নিয়েছেন। আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি। এ ঘটনায় দুদকে মামলাও দেওয়া হয়েছে।’
এ বিষয়ে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের মৌখিকভাবে ডাক বিভাগ থেকে ঘটনাটি জানানো হয়েছে। তবে অভিযোগের কপি এখনো পৌঁছায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
