বাসি ইফতারি দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়সংলগ্ন ‘হোটেল সারেং’ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীকে ইফতারিতে পচা বেগুনি পরিবেশন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রাত সাড়ে ১১টার দিকে এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে হোটেল মালিকের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীদের আটকে রাখে হোটেল কর্র্তৃপক্ষ। উদ্ধারের জন্য তাদের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদের ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান হোটেলের স্টাফ ও স্থানীয় ব্যক্তিরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সারেং হোটেলে হামলা চালান ও ভাঙচুর করেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কিছু জানালার কাচ ভেঙে ফেলে। দফায় দফায় হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, ‘স্থানীয়দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বসে বিষয়টি সমাধান করা হয়েছে। শিক্ষার্থীদের খাবারের মান নিশ্চিত করতে মনিটরিং সেল গঠনের পাশাপাশি সম্প্রীতি বজায়েও কাজ করা হবে।’
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এদিকে ভাঙচুরের ঘটনার বিচার চেয়ে গতকাল বটতলায় মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। বটতলা ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল হুদা বলেন, ‘এ ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলন করে যাব।’
