প্রীতি ম্যাচে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:১৮ পিএম

আগে থেকেই অনুমিত ছিল। ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনোও আভাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ফিফা উইন্ডোতে এল সালভাদর ও কোস্টারিকা ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, ওই চোটের কারণেই এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে থাকছেন না মেসি। এই চোটকে অবশ্য ‘মাইনর’ বলেই উল্লেখ করেছে তারা। 

ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, মাঠে না নামলেও দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছে মেসির। 

দেশের হয়ে খেলতে ফিলাডেলফিয়ায় গেছেন এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেজ, গারানচোরা।

গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জানিয়েছিলেন, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। পরে গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি।

শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদরের সঙ্গে খেলবে আর্জেন্টিনা, চার দিন পর লস অ্যাঞ্জেলসে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মূলত ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল। 

চোটের কারণে এই দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড পাউলো দিবালা, মিডফিল্ডার ইজেকুয়েল পালাসিয়স ও ডিফেন্ডার মার্কোস সেনেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত