স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম

ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনায় রায়হান (২০) নামে এক যুবককে পেটানোর অভিযোগ উঠেছে তার স্ত্রী ইয়ানুরের বিরুদ্ধে। আহত রায়হানকে স্বজনরা উদ্ধার করে দৌলতখান হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ভোলা সদর হাসপাতালে পাঠান।

সোমবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের রুহুল আমিনের মেয়ে ইয়ানুরের সঙ্গে দৌলতখান পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মৃত ভুট্টুর ছেলে রায়হানের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী ইয়ানুর স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন- এমন দাবি স্বামী রায়হানের। গতকাল সোমবার দুষ্টুমীর ছলে কথা বলায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগে ইয়ানুর স্বামী রায়হানকে মারধর করেন। স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা পাঠান।

তবে স্ত্রী ইয়ানুর মারধরের কথা অস্বীকার করে বলেন, তাদের কথার কাটাকাটি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জামাল জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। রায়হান সুস্থ হলে গ্রাম্যভাবে এর মীমাংসা করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমিন সরকার বলেন, রায়হানের অন্ডকোষে আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত