জমিতে ফসল চাষ করেন জীবিকা নির্বাহ করেন কৃষক আব্দুল লতিফ (৫২)। কিন্তু পুলিশের কাছে খবর আসে তিনি গাঁজা চাষ করছেন। এমন খবরে অভিযান চালায় পুলিশ। এরপর চাষের জমিতে গিয়ে মেলে সত্যতা। ফসলের সঙ্গে গাঁজা গাছের চাষ করছিলেন চাষি আব্দুল লতিফ।
এ ঘটনায় কৃষক আব্দুল লতিফকে আটক করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার জমি থেকে ২০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া (রহমতপুর) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে আব্দুল লতিফের গাজা চাষের জমি থেকে তাকে আটক করা হয়। এদিন বিকেল ৫টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন অন্য ফসলের সঙ্গে আব্দুল লতিফ তার জমিতে গাঁজা গাছ চাষ করছেন। এর ভিত্তিতে তার জমিতে অভিযান পরিচালনা করে ২০টি কাঁচা গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাজা গাছের আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ পরিদর্শক আবুল কালাম।
রাজধানীর ১০ এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না কাল
‘মামুনুল হক ও ঝর্ণা একই কক্ষে প্রায় ৫ ঘণ্টা ছিলেন’