মাগুরা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিএনএমে যোগদানের ব্যাপারে বেশি কিছু জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ইলেকশন (নির্বাচন) করেছেন, জয় লাভ করেছেন। তার আগে তো সাকিব আওয়ামী লীগের কেউ ছিল না। নমিনেশন যখন নেন তখন তাকে তো প্রাথমিক সদস্যপদ নিতে হয়। যে শর্ত পূরণ করা দরকার সেটা তিনি করেছেন। সেভাবেই আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। তিনি এমপি হয়েছেন নির্বাচনে। এ বিষয়ে তিনি আর কিছু জানেন না বলে জানান।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনের বিএনএমে যোগদান নিয়ে যে খবর প্রকাশ হয়েছে, সে ব্যাপারেও কাদের কিছু জানেন না বলে উল্লেখ করেন।
সাকিবের বিএনএমে যোগদানের ছবি ও খবর ভাইরাল হয়েছে। বিএনএমের সদস্য সাকিব আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছেন কীভাবে জানতে চাইলে ওবায়দুল কাদের এসব কথা জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ‘কিংস পার্টি’ তৈরি করেছে কি না জানতে তিনি বলেন, ‘সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচন সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফুটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এটা সম্পর্কে আমার জানা নেই। এটার রেজিস্ট্রেশন করে স্বাধীন নির্বাচন কমিশন। কোন দল কে রিকগনিশন (প্রতিনিধিত্ব) করে এটা নির্বাচন কমিশনের বিষয়। এখানে আমাদের কিছু বলার নেই।’
অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বন্ধুরাষ্ট্র বলতে ইন্ডিয়াকে বলেছে। বলেছে, তোমরা স্বাধীনতা অর্জনে সাহায্য করেছো, এখন গণতন্ত্র উদ্ধারে তোমাদের সাহায্য চাই। তিনি বলেন, ‘গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে। তাদের সাহায্য চাওয়ার অর্থ ক্ষমতায় বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে বিদেশি রাষ্ট্র এসে ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।’
গণতন্ত্রের ব্যাপারে বাংলাদেশের একটা মানদণ্ড আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের ব্যাপারে কেউ পারফেক্ট (নিখুঁত) না। এ দেশে ২১ বছর গণতন্ত্রের চর্চা হয়নি।’
আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলোর সম্মেলনের চিন্তা করব। এসব বিষয়ে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া মার্কিন দুটি প্রতিষ্ঠানের রিপোর্টের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও তো একটা দেশ। গণতন্ত্রের বিষয়ে আমাদেরও একটা মানদণ্ড আছে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও দল থেকে প্রায় নিশ্চিত হওয়া রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, তিনি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এটা কোনো নির্বাচন? সেখানে গতবার সত্যিকারের নির্বাচন হয়নি। নির্বাচিত প্রেসিডেন্টকে দেশটির সাবেক প্রেসিডেন্ট আজ পর্যন্ত মেনে নেননি। কাজেই মানদণ্ড কোথায় কি সেটা বোঝা হয়ে গেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
