দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দন্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো ও বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনের বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।
এর আগে গত সোমবার সংশ্লিষ্ট বিষয়ে গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন আনিসুল হক। গতকাল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি আবেদনটি (খালেদা জিয়ার বিষয়ে পরিবারের আবেদন) পড়েছি। কিন্তু বিষয়টি নিয়ে এখনো আমি কোনো মতামত দিইনি। ২৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় ১৭ বছর কারাদন্ড হয়েছে খালেদা জিয়ার। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে পঁাঁচ বছর কারাদন্ড দেয় ঢাকার বিচারিক আদালত। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।
