জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশনা

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:০৪ এএম

ঢাকার জলাবদ্ধতা নিরসনে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়নাধীন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের মাঠে থাকতে নির্দেশনা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এক সভায় মেয়র তাপস এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘দায়িত্বভার গ্রহণের পর থেকে জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ ও সংস্কার, খাল-নালা-নর্দমা থেকে বর্জ্য অপসারণসহ ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছি। তাই জলাবদ্ধতা নিরসনের সুফল ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাউন্সিলরদের তদারকি আরও বাড়াতে হবে।’ নগরীর হাঁটার পথ, রাস্তার ঢাল ও নর্দমা পরিষ্কার কার্যক্রমে গাফিলতি ও অবহেলা যেন থাকে সে বিষয়ে কাউন্সিলরদের তদারকি জোরদারেরও নির্দেশনা দিয়েছেন মেয়র তাপস।

সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত