ধর্ষণ মামলা

মামুনুল হকের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:৫০ এএম

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতা মামুনুল হকের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য দেন তিনি।

একমাত্র সাক্ষ্য প্রদানকারী কর্মকর্তা হলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইন্সপেক্টর শফিকুল ইসলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান,  মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সবাই বলেছেন, ওই ঘটনার দিন মামুনুল হক ও ঝর্ণা একই কক্ষে প্রায় ৫ ঘণ্টা আটক ছিলেন। সুতরাং এটা কারও বুঝতে বাকি নাই। আমার দৃষ্টিতে মামুনুল হকের সর্বোচ্চ সাজা হবে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তবে তিনি কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত