আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার পরিস্থিতি অবনতি হওয়ার কারণ দেখিয়ে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে অস্ট্রেলিয়া। একই অভিযোগে আফগানিস্তানের বিপক্ষে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালের মার্চে ওয়ানডে সিরিজ বাতিল করেছিল দেশটি।
ক্রিকেট অস্ট্রেলিয়া এর পেছনে কারণ দেখিয়ে দেওয়া বিবৃতিতে জানায়, ‘সরকারের পরামর্শ হলো, আফগানিস্তানে নারী ও মেয়েদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, তাই আমরা আমাদের আগের অবস্থানে অটল থাকছি এবং এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করছি।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর অস্ট্রেলিয়ার সরকারের হস্তক্ষেপ পছন্দ হয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের। সিরিজ স্থগিত করা নিয়ে বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘ক্রিকেট বোর্ডের ওপর নিজেদের নীতি চাপিয়ে না দিতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করছে এসিবি। এর বদলে বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের উন্নতিতে মনোযোগ দেয়ার অনুরোধ করা হচ্ছে। এসিবির শীর্ষ কর্মকর্তারা এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা চালাচালি করেছে। তখন এভাবে ঘোষণা দিয়ে সরে না দাঁড়িয়ে বিকল্প পথ বের করার প্রস্তাব দেয়া হয়েছিল।’
তবে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নীতিতেই অটল। এসিবি যদি নারী ও কন্যা শিশুদের মানবাধিকারে সচেষ্ট হয়, একইসাথে নারী ক্রিকেটেও পূর্ণ সমর্থন দেয়, তাহলে পুনরায় দ্বিপাক্ষিক সিরিজটি আয়োজন সম্ভব বলে আশ্বাস দেয় সিএ।
